জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের গণমিছিল 

57

 

জুলাই সনদ’ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী।

শনিবার (১ আগস্ট) বিকেলে নগরীর চাষাঢ়ার মিশনপাড়া মসজিদ সংলগ্ন সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে শহরের মণ্ডলপাড়া পুল এলাকায় গিয়ে সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “জুলাই আমাদের জাতীয় আকাঙ্ক্ষার প্রতীক। যাঁদের আত্মত্যাগের বিনিময়ে দেশের বর্তমান পরিস্থিতি এসেছে, তাঁদের প্রতি যথাযথ সম্মান জানিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।” তিনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, ২০২৪ সালের কোটা আন্দোলনের সময় জামায়াতে ইসলামীকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছিল। তাঁর দাবি, সে সময় নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে দেশের মানুষ আন্দোলনে নেমেছিল। তিনি জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট জনগণের প্রত্যাশা বাস্তবায়ন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, রাজনৈতিক বৈষম্য দূর করে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে সব নাগরিক সমান সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দল-মতের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এবং সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন।

গণমিছিলে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল হাফেজ আব্দুল মোমিন, কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জাকির হোসাইনসহ মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী।