জ্বালানী সংকট সমাধান বড় চ্যালেঞ্জ, সরকার আন্তরিক

সরকারের প্রথম ছয় মাস, বিকেএমইএ’র মূল‍্যায়ন

177

নিজস্ব প্রতিবেদক :

আমরা মনে করি, কোনো সরকারকে মূল্যায়নের জন্য ছয় মাস যথেষ্ট সময় নয়। তারপরও ব্যবসা পরিচালনাকে সহজতর করে বেসরকারি খাতকে সহায়তা করার জন্য এবং অর্থনীতির গতিধারা ফিরিয়ে আনার জন‍্য নতুন সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে।

উদাহরণ হিসেবে বলা যায়, বেসরকারি খাতকে সহায়তার জন্য কেন্দ্রীয় ব্যাংকের বেশ কিছু উদ্যোগ – এর মধ্যে রয়েছে রুগ্ন, আংশিক বন্ধ বা বন্ধ কারখানাগুলোকে পুনঃঅর্থায়নের মাধ্যমে পুনরায় চালু করতে প্রণোদনা প্যাকেজ দেওয়া। কিছু নীতিগত বিষয় সহজ করার উদ্যোগও নেওয়া হয়েছে।

আংশিক রপ্তানিমুখী এবং বন্ড সুবিধাবিহীন রপ্তানিকারকদের ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দেওয়ার সরকারের সিদ্ধান্তকেও আমরা স্বাগত জানাই। এটি আমাদের রপ্তানিকারকদের জন্য অনেক সহায়ক হবে এবং তাদের কার্যক্রম পরিচালনা সহজ করবে। কর নীতিতেও ভাল কিছু পরিবর্তন এনে ব‍্যবসা ও বিনিয়োগ বান্ধব পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে এই মুহূর্তে শিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো গ্যাস ও বিদ্যুৎ সংকট। এসব সমস্যার স্বল্পমেয়াদি সমাধান করা সম্ভব নয়, কারণ সরকার আগের সরকারের কাছ থেকে এসব চ্যালেঞ্জ উত্তরাধিকারসূত্রে পেয়েছে। তবুও প্রধানমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী তা সমাধানের লক্ষ্যে স্বল্প মেয়াদে তাৎক্ষণিক বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছেন।

এর অংশ হিসেবে ব্যবসায়ী সংগঠন ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করে তাদের পরামর্শ চেয়েছেন-
এসব সমস্যা কীভাবে সমাধান করা যায়।
দীর্ঘ মেয়াদে জ্বালানি সংকট সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছেন। সরকারের এসব উদ্যোগের অংশ হিসেবে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন।

এরই অংশ হিসেবে সরকার আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে কিছু এলএনজি আমদানি করেছে। আমাদের অর্থমন্ত্রীও গত রোববার এক অনুষ্ঠানে ব্যাখ্যা করেছেন যে এলএনজি সংকট সমাধানের কোনো শর্টকাট নেই। কারন নতুন একটি এফএসআরইউ স্থাপনে প্রায় দুই বছর সময় লাগবে। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী সরকার আরেকটি এফএসআরইউ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এবং তিনি আশা প্রকাশ করেছেন, আগামী দুই বছরের মধ্যে গ‍্যাস সংকটের সমাধান করা সম্ভব হবে।
বাংলাদেশ ব‍্যাংকের নানা পদক্ষেপ গ্রহণ করা হলেও ব‍্যাংকিং খাতের সমস‍্যা গুলো এখনও সমাধান হয়নি। তবে এ সময়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে।

সামগ্রিকভাবে আমরা দেখছি, সরকার এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা আশা করি, তারা দীর্ঘমেয়াদে এসব সমস্যার সমাধান করতে সক্ষম হবে।

ধন্যবাদান্তে
মোহাম্মদ হাতেম
সভাপতি, বিকেএমইএ