স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের ব্যস্ততম সড়কগুলোর অন্যতম ফতুল্লার মাসদাইর কবরস্থানের সামনের সড়ক এখন যেন এক ভয়ংকর মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কের মাঝখানে সৃষ্টি হওয়া বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশ প্রতিদিন হাজারো যানবাহনের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি করছে। বিশেষ করে ভারী যানবাহনের চাপ এবং দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটির অবস্থা দিন দিন আরো ভয়াবহ হয়ে উঠছে।
সরেজমিনে দেখা যায়, মাসদাইর কবরস্থানের প্রধান ফটকের সামনের অংশজুড়ে সড়কের পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও কোথাও ইট ও খোয়া বেরিয়ে এসেছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্ত পানিতে ডুবে থাকায় চালকরা গর্তের গভীরতা বুঝতে পারেন না। ফলে প্রায়ই সিএনজি, অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হচ্ছে। হেলে পড়ছে ট্রাক কবার্ড ভ্যানের মতো বড় যানবাহনও।
স্থানীয়রা জানান, এই সড়কটি চাষাঢ়া থেকে পঞ্চবটি হয়ে ঢাকা ও মুন্সীগঞ্জগামী যানবাহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। দিন-রাত ২৪ ঘণ্টাই এই সড়ক দিয়ে ট্রাক, কাভার্ডভ্যান, লরি, বাসসহ হাজার হাজার যানবাহন চলাচল করে। কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়কের এমন বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।
বিশেষ করে সকাল ও সন্ধ্যায় অফিসগামী মানুষদের দুর্ভোগ চরমে পৌঁছায়। একটি যানবাহন গর্ত এড়িয়ে ধীরগতিতে চলতে গেলে পেছনে লম্বা যানজট তৈরি হয়। কখনো কখনো কয়েক মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে আধাঘণ্টারও বেশি।
অটোরিকশাচালক মহসিন মিয়া বলেন, এই রাস্তা দিয়ে গাড়ি চালানো এখন খুবই ঝুঁকিপূর্ণ। গর্তে পড়ে প্রায়ই গাড়ির চাকা নষ্ট হয়। যাত্রীরাও আতঙ্কে থাকে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সড়কটির এমন অবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। মাঝে মধ্যে ইট ফেলে সাময়িক সংস্কারের চেষ্টা করা হলেও কয়েক দিনের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে যায়।
সরেজমিন গিয়ে দেখা যায়, কবরস্থানের দৃষ্টিনন্দন প্রবেশপথের ঠিক সামনেই রাস্তার মাঝখানে বিশাল অংশ ভেঙে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের একাংশে পানি জমে থাকায় পুরো এলাকা কাদাময় হয়ে পড়েছে। এতে পথচারীদের চলাচলেও চরম ভোগান্তি হচ্ছে।
স্থানীয় সচেতন মহল বলছে, দ্রুত সময়ের মধ্যে টেকসই সংস্কার কাজ না হলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। পাশাপাশি গুরুত্বপূর্ণ এই সড়কের দুরবস্থার কারণে নারায়ণগঞ্জ শহরের সার্বিক যান চলাচল ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সড়ক বিভাগ ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, সাময়িক মেরামত নয়, বরং পুরো সড়কটি নতুনভাবে সংস্কার করে ভারী যানবাহন চলাচলের উপযোগী করতে হবে। ##




