নগরীর যানজট নিরসনে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শহিদ। তিনি বলেন, নগরীতে যানজটের কবলে পড়ে প্রতিনিয়ত মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। নগরীতে যাতে যানজট সৃষ্টি না হয়, সে লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে নগরীর নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁদাবাজদের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “কেউ যদি আমার নাম ব্যবহার করে চাঁদাবাজি করে, তাহলে সাবধান হয়ে যান। আমরা কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দেব না। আমার কোনো ভুল-ত্রুটি থেকে থাকলে আমাকে জানাবেন। আমি সভাপতি ও উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করে তা সংশোধন করে নেব। তাই আমাকে কেউ ভুল বুঝবেন না।”
এ সময় নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শহিদের সভাপতিত্বে এবং সদর থানা যুবদল নেতা ও ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শিকদার বাপ্পী চিশতীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি হাসান আহমেদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি পদপ্রার্থী ও মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে এম মাজহারুল ইসলাম জোসেফ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল হক চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন রহমত উল্লাহ রাজীব, পায়েল হোসাইন আকাশ, মালেক সরদার, মাস্তান প্রধান, শহিদুল ইসলাম, শাহজাহান, মন্টু, মো. হারুন, রফিক, আওলাদ, ফয়েজ আহমেদ টিটু, মাহবুবুর রহমানসহ আরও অনেকে।
বক্তব্য শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক (নেওয়াজ) বিতরণ করা হয়।




