নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বিচারিক কার্যক্রম ও আদালতের বিভিন্ন সমস্যা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি জে.বি.এম. হাসান।
সভায় বিচারপতি জে.বি.এম. হাসান বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মনিটরিং কমিটির অংশ হিসেবে ঢাকা বিভাগের আদালতগুলোর বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণের দায়িত্ব পালন করছেন তিনি। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ আদালতের বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণে তিনি নারায়ণগঞ্জে এসেছেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিল্প ও বাণিজ্যিক এলাকা। দেশের অর্থনীতিতে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভৌগোলিক অবস্থান ও বাণিজ্যিক গুরুত্বের কারণে এখানে জনসংখ্যার পাশাপাশি মামলা-মোকদ্দমার সংখ্যাও বেশি। ফলে দেশের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।
বিচারপতি জে.বি.এম. হাসান বলেন, নারায়ণগঞ্জ বার অত্যন্ত সমৃদ্ধ। এখানকার অনেক আইনজীবী নিয়মিত সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন। সুপ্রিম কোর্টের ১৩টি মনিটরিং কমিটির মধ্যে তিনি ঢাকা বিভাগের সাতটি জেলার দায়িত্বে রয়েছেন। তাঁর মূল দায়িত্ব হলো বিচারাধীন মামলার অগ্রগতি পর্যালোচনা, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া এবং বিচারিক কার্যক্রমে বিদ্যমান বাধা-বিপত্তি চিহ্নিত করা।
নারায়ণগঞ্জের আইনজীবীরা মামলার গতি বাড়াতে যেভাবে তাগিদ ও আন্তরিকতা দেখাচ্ছেন, তা আশাব্যঞ্জক বলেও উল্লেখ করেন তিনি।
আদালতের বিচারক ও স্টাফ সংকট প্রসঙ্গে বিচারপতি জে.বি.এম. হাসান বলেন, এসব সংকটের বিষয়টি তাঁদের জানা রয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এনে স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন ব্যবস্থা চালু করায় বর্তমানে একটি পরিবর্তনকালীন সময় চলছে। এ কারণে সহায়ক কর্মচারী নিয়োগে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে দ্রুতই বিচারক ও স্টাফ সংকট কাটিয়ে বিচারিক কার্যক্রমের গতি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
আদালতের কক্ষ ও অবকাঠামোগত সংকট নিয়েও কথা বলেন বিচারপতি জে.বি.এম. হাসান। তিনি বলেন, অনেক বিচারককে গ্যারেজ কিংবা ডিসি অফিসের বারান্দায় বসেও বিচারিক কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। বিচারক ও আইনজীবীদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করতে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করে এসব সমস্যার সমাধান করতে হবে।
তিনি আরও বলেন, বার ও বেঞ্চের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নারায়ণগঞ্জের আইন অঙ্গনের বিভিন্ন সংকট সমাধান করা সম্ভব।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের নিচতলায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ.এম. আনোয়ার প্রধান।
এ সময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র ও জুনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।




