নিজস্ব প্রতিবেদক :
ইউএনও ফয়েজ আহ্মেমদকে আহবায়ক এবং ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে সদস্যসচিব করে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান, এনডিসি স্বাক্ষরিত এক সরকারি আদেশে এ অনুমোদন দেওয়া হয়।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা এবং স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাত সদস্যের এই অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদাধিকার বলেে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কমিটির সদস্য হিসেবে রয়েছেন।
এ ছাড়া জাতীয় ক্রীড়াবিদ মো. সোহেল রানা সদস্য এবং ক্রীড়া সংগঠক রিয়াদ মোহাম্মদ চৌধুরী সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
জাতীয় ক্রীড়া পরিষদের আদেশে বলা হয়েছে, অনুমোদিত অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে।
এ সংক্রান্ত সরকারি আদেশের অনুলিপি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিভাগীয় কমিশনার, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগতির জন্য পাঠানো হয়েছে।




