জামতলায় পথচারীর হাঁটার রাস্তা দখল, চরম জনদুর্ভোগ
নারায়ণগঞ্জের জামতলা এলাকায় পথচারীদের চলাচলের রাস্তা যেন হারিয়ে গেছে। সড়কের দুই পাশে মোটরসাইকেল পার্কিং, মেরামত ও ধোঁয়া দেওয়ার কাজে ফুটপাত ও হাঁটার জায়গা দখল হয়ে থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারীরা।
স্থানীয়দের অভিযোগ, পথচারীদের জন্য নির্ধারিত জায়গায় মোটরসাইকেল রাখা ও মেরামতের কারণে অনেক সময় মূল সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে হাঁটতে হচ্ছে। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের চলাচলে তৈরি হচ্ছে বাড়তি দুর্ভোগ।
জামতলা এলাকার সড়কের দুই পাশেই মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহন রাখা হয়েছে। ফলে পথচারীদের স্বাভাবিকভাবে হাঁটার সুযোগও সংকুচিত হয়ে পড়েছে।
জনদুর্ভোগ নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা পরিষদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা। তাদের দাবি, পথচারীদের চলাচলের জায়গা দখলমুক্ত করে নিরাপদ হাঁটার পরিবেশ নিশ্চিত করা হোক।




