প্রায় চূড়ান্ত করে ফেলেছে প্রশাসন

সদরের ইউনিয়নগুলো সিটি করপোরেশনে যাচ্ছে—ইউএনও ফয়েজ

501

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর উপজেলার পাঁচটি ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আওতাভুক্ত করার প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফতুল্লা থানার কাশীপুর, এনায়েতনগর, ফতুল্লা ও কুতুবপুর এবং সদর থানার গোগনগর ইউনিয়নকে সিটি করপোরেশনের আওতাভুক্ত করার বিষয়ে ইতোমধ্যে দুই দফা জেলা প্রশাসনে শুনানি অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে আজ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেছেন, সদর উপজেলার এসব ইউনিয়ন সিটি করপোরেশনের আওতায় চলে যাচ্ছে।

সোমবার নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক উন্নয়ন কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন পরপর দুইবার এ বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, সদর উপজেলার এসব ইউনিয়ন সিটি করপোরেশনের আওতাভুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

বক্তব্যের একপর্যায়ে তিনি বিষয়টি নিয়ে আরও জোর দিয়ে বলেন, যৌক্তিক কারণেই সদর উপজেলার এসব ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাভুক্ত হওয়া উচিত।

ইউএনওর এমন বক্তব্যে কর্মশালায় উপস্থিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়। কারণ, পাঁচটি ইউনিয়নকে সিটি করপোরেশনের আওতাভুক্ত করার প্রস্তাব নিয়ে এরই মধ্যে দুই দফা শুনানি হয়ে গেলেও প্রশাসনের কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্যে বিষয়টি এতটা স্পষ্টভাবে উঠে আসেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর, এনায়েতনগর, ফতুল্লা, কুতুবপুর ও গোগনগর ইউনিয়নের বিভিন্ন এলাকা বর্তমানে নগরকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড, শিল্প-কারখানা, আবাসিক সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। ফলে এসব এলাকাকে বৃহত্তর নগর ব্যবস্থাপনার আওতায় আনার দাবি ও আলোচনা দীর্ঘদিনের।

সোমবারের উন্নয়ন কর্মশালায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়কের অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাই-বাছাইসহ সদর উপজেলার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সেখানে ইউএনওর বক্তব্যে সিটি করপোরেশনে ইউনিয়নগুলোর অন্তর্ভুক্তির বিষয়টি নতুন মাত্রা পায়।

কর্মশালায় ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম, সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ সদর উপজেলার সাতটি ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তবে পাঁচ ইউনিয়নকে সিটি করপোরেশনের আওতাভুক্ত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে এবং কীভাবে বাস্তবায়িত হবে, সে বিষয়ে কর্মশালায় বিস্তারিত কোনো ঘোষণা দেওয়া হয়নি। ইউএনওর বক্তব্যের পর এখন স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—দুই দফা শুনানির পর কি এবার সদর উপজেলার পাঁচ ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে?

স্থানীয়দের অনেকের মতে, ইউনিয়নগুলো সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হলে নগর পরিকল্পনা, সড়ক যোগাযোগ, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশন ও নাগরিক সেবার ক্ষেত্রে সমন্বিত পরিকল্পনা গ্রহণের সুযোগ তৈরি হতে পারে। তবে ইউনিয়নবাসীর মতামত, জনপ্রতিনিধিত্ব, করব্যবস্থা এবং নাগরিক সেবার বাস্তব চিত্র বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবিও রয়েছে।

ইউএনওর বক্তব্যের পর সদর উপজেলার পাঁচ ইউনিয়নের সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির বিষয়টি এখন স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক মহলে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে ধারনা করা হচ্ছে।