নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা সাড়ে ১৩ হাজার লিটার ডিজেলসহ দুটি ট্যাংকলরি জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ জ্বালানি ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়েজ উদ্দিনের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়।
এ সময় ১৩ হাজার ৫০০ লিটার ডিজেল, ২টি বড় ট্যাংকলরি ও একটি মিটার সংযুক্ত ট্যাংক (সিলগালা) করে মো. জসিম (৩৮) ও মোহাম্মদ হোসেন ভূঁইয়া (৩০)কে গ্রেফতার করে।
প্রশাসন সূত্রে জানা গেছে, বার্মা স্ট্যান্ড এলাকায় ‘মেহেদী এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠান কোনো ধরনের বৈধ নথিপত্র ছাড়াই জ্বালানি তেলের ব্যবসা চালিয়ে আসছিল। তারা ট্যাংকলরিতে অবৈধভাবে ফিলিং স্টেশনের মিটার স্থাপন করে সাধারণ গ্রাহকদের কাছে তেল বিক্রি করত, যা প্রচলিত আইনের পরিপন্থী।
অভিযানকালে লরিগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তেলভর্তি লরি দুটি জব্দ করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
নারায়নগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
মো. ফয়েজ উদ্দিন বলেন, ”অবৈধভাবে মিটার লাগিয়ে তেল বিক্রি করা দেশের জ্বালানি বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তিকে থানায় রাখা হয়েছে এবং এই চক্রের পেছনের মূল হোতাদের শনাক্ত করার চেষ্টা চলছে। এর আগে একই দিন ফতুল্লায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছিল, তার মধ্যেই জেলা প্রশাসনের এই ঝটিকা অভিযান পরিচালিত হলো।




