রাজপথে সন্ত্রাসীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: অ্যাড. টিপু

50

রাজপথে কোনো সন্ত্রাসী বিশৃঙ্খলা সৃষ্টি করতে এলে তাদেরকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট, আবু আল ইউসুফ খান  টিপু। একই সঙ্গে কোনো সন্ত্রাসী অপতৎপরতা চালালে তাদের ধরে পুলিশের হাতে সোপর্দ করার আহ্বান জানান তিনি।

​শুক্রবার( ১৪ আগস্ট) ​অ্যাডভোকেট টিপু তাঁর বক্তব্যে বলেন, আমরা আমাদের নেত্রীর শুভ জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করব। রাজপথে কোনো সন্ত্রাসী নামলে তাদের ছাড় দেওয়া হবে না। তাদেরকে ধরে সরাসরি পুলিশের হাতে সোপর্দ করতে হবে।

​তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আগামীকাল বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বাদ আসর দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 সবাইকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি যার যার এলাকা, পাড়া ও মহল্লায় আজ গভীর রাত থেকেই পাহারা বসাতে হবে, যাতে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী এই বিশেষ দিনে দেশের শান্তি বিনষ্ট বা কোনো ধরনের নৈরাজ্য তৈরি করতে না পারে।

​সাবেক সাংসদ শামীম ওসমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমেরিকায় বসে বড় বড় কথা বললেও এই ধরনের ‘নেড়িকুত্তা’দের স্থান আর বাংলাদেশের মাটিতে হবে না। তারা লেজ গুটিয়ে পালিয়ে গেছে। ওবায়দুল কাদের বা শামীম ওসমানরা বিদেশ থেকে যতই বক্তব্য দিক, তারা যদি দেশে ফেরার চেষ্টা করে তবে খুনি হিসেবে জনগণই তাদের বিচার করবে।

​নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ১৫ই আগস্ট যার যার অবস্থান থেকে সতর্ক থেকে সন্ত্রাসীদের মোকাবিলা করতে হবে এবং শহরের আনাচে-কানাচে পাহারা নিশ্চিত করতে হবে।

​বক্তব্যের শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করেন এবং তারেক রহমানসহ মহানগর বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।