ফতুল্লাবাসীর প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা টিপু

188

নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার চারটি ইউনিয়ন এবং সদর উপজেলার গোগনগর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাভুক্ত করার দাবিতে দৃঢ় অবস্থান নেওয়ায় প্রশংসায় ভাসছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত গণশুনানিতে তাঁর বক্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ফেসবুকে বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর গত দুই দিন ধরে ফতুল্লা ও গোগনগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর ভূয়সী প্রশংসা করছেন।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে নগরায়ণ, শিল্পায়ন ও জনসংখ্যা বৃদ্ধির পরও ফতুল্লার কুতুবপুর, ফতুল্লা, এনায়েতনগর, কাশীপুর এবং সদর উপজেলার গোগনগর ইউনিয়ন এখনো সিটি করপোরেশনের বাইরে থাকায় নাগরিক সেবায় বৈষম্যের শিকার হচ্ছেন কয়েক লাখ মানুষ। তাই গণশুনানিতে টিপুর স্পষ্ট ও জোরালো বক্তব্য সাধারণ মানুষের প্রত্যাশার সঙ্গে মিল খেয়েছে।
সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানিতে বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, রাজনৈতিক কারণে অতীতে ফতুল্লা ও গোগনগরকে সিটি করপোরেশনের আওতায় আনা হয়নি। অথচ এই এলাকাগুলো বাস্তবে নগরায়িত এবং সিটি করপোরেশনের সঙ্গে অবিচ্ছিন্নভাবে সংযুক্ত। তিনি দাবি করেন, পরিকল্পিত নগর ব্যবস্থাপনা, আধুনিক নাগরিক সেবা, উন্নত সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা ও সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে এখনই এই পাঁচটি ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
টিপুর বক্তব্য চলাকালে উপস্থিত বিপুল সংখ্যক মানুষ করতালি ও টেবিল চাপড়িয়ে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানান। গণশুনানিতে অংশ নেওয়া অনেকেই দাবি করেন, কোনো ইউনিয়নের আংশিক এলাকা নয়, বরং পুরো ইউনিয়নকে একসঙ্গে সিটি করপোরেশনের আওতায় আনা উচিত। একই দাবি স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক নেতারাও তুলে ধরেন।
গণশুনানির পর টিপুর বক্তব্যের ভিডিও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুক পেজে প্রকাশিত হলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ফতুল্লা ও গোগনগরের বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে জানান, দীর্ঘদিন পর কোনো রাজনৈতিক নেতা তাঁদের নাগরিক অধিকার ও উন্নয়নের বিষয়টি এত স্পষ্টভাবে তুলে ধরেছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা দল-মতের ঊর্ধ্বে উঠে আমাদের এলাকার উন্নয়ন চাই। টিপু সাহেব যেভাবে আমাদের দাবির পক্ষে কথা বলেছেন, আমরা চাই তিনি শেষ পর্যন্ত এই আন্দোলনের সঙ্গে থাকুন।
অনেকে আরও বলেন, ফতুল্লা ও গোগনগর কার্যত নারায়ণগঞ্জ শহরের সম্প্রসারিত অংশ। প্রতিদিন হাজার হাজার মানুষ এই এলাকা থেকে শহরে যাতায়াত করেন। এখানে অসংখ্য শিল্পকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও ঘনবসতি গড়ে উঠলেও ইউনিয়ন পরিষদ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ফলে সিটি করপোরেশনের আওতায় অন্তর্ভুক্তি এখন সময়ের দাবি।
এদিকে গণশুনানিতে জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, জনগণের মতামত, প্রস্তাব এবং বাস্তব পরিস্থিতি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সুপারিশ সরকারের কাছে পাঠানো হবে। তিনি বলেন, গণশুনানিতে প্রাপ্ত মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং তদন্ত ও সরেজমিন পরিদর্শনের পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণকে কেন্দ্র করে বর্তমানে জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে কুতুবপুর, ফতুল্লা, এনায়েতনগর, কাশীপুর এবং গোগনগর ইউনিয়নকে সম্পূর্ণভাবে সিটি করপোরেশনের আওতায় অন্তর্ভুক্ত করার দাবি দিন দিন আরও জোরালো হয়ে উঠছে। ##