মাঠপর্যায়ের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে...

না.গঞ্জ মহানগর যুবদল গুছাতে সম্পূর্ণ ব্যার্থ নেতারা

141
নিজস্ব প্রতিবেদক :
কেন্দ্রীয় নির্দেশনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নারায়ণগঞ্জ মহানগর যুবদলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বর্তমান শীর্ষ নেতারা। ২০২৩ সালের আগস্টে আংশিক এবং পরবর্তীতে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের পর তিন বছর পার হতে চললেও তৃণমূলের মূল চালিকাশক্তি থানা ও ইউনিয়ন কমিটিগুলো পুনর্গঠন করতে পারেনি এই কমিটি। ফলে দলটির সাংগঠনিক কার্যকমে চরম স্থবিরতা নেমে এসেছে এবং মাঠপর্যায়ের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, মহানগর যুবদলের বর্তমান শীর্ষ নেতৃত্ব শুধু ফটোসেশন এবং নিজেদের বলয় ভারী করার রাজনীতিতে ব্যস্ত। মহানগরের আওতাধীন ৩টি গুরুত্বপূর্ণ থানা (সদর, বন্দর, সিদ্ধিরগঞ্জ), বন্দর উপজেলা ইউনিট এবং ৫টি ইউনিয়নের কমিটিগুলো দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ও অচল হয়ে পড়ে আছে। রাজপথের সক্রিয় ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন না করে পকেট কমিটি গঠনের চেষ্টার কারণেই গত তিন বছরেও একটি থানাতেও শক্তিশালী নেতৃত্ব উপহার দিতে পারেনি বর্তমান আহ্বায়ক কমিটি।
সবচেয়ে বড় সাংগঠনিক ইউনিট ‘সিদ্ধিরগঞ্জ থানা যুবদল’ নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ সবচেয়ে বেশি। মহানগরের রাজনীতির মূল চালিকাশক্তি হিসেবে পরিচিত এই ইউনিটে অভ্যন্তরীণ কোন্দল, শীর্ষ নেতাদের সমন্বয়হীনতা এবং বলয় ভিত্তিক রাজনীতির কারণে নতুন কমিটি আলোর মুখ দেখেনি। নাম প্রকাশে অনিচ্ছুক সিদ্ধিরগঞ্জের একাধিক যুবদল কর্মী জানান, নেতারা মুখে বড় বড় কথা বললেও তিন বছরে একটা থানা কমিটি দিতে পারেননি। এর চেয়ে বড় ব্যর্থতা আর কী হতে পারে?
সাংগঠনিক এই ব্যর্থতার পাশাপাশি নেতাদের বিরুদ্ধে উঠেছে নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ। সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কমিটির অন্যতম যুগ্ম-আহ্বায়ককে দল থেকে বহিষ্কার এবং ভুয়া নেতার নাম ভাঙিয়ে অনৈতিক সুবিধা নেওয়ার মতো ঘটনা মহানগরের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। শৃঙ্খলা বজায় রাখা ও তৃণমূল গোছানোর চেয়ে নেতারা নিজেদের পদ টিকিয়ে রাখতেই বেশি ব্যস্ত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সাধারণ নেতাকর্মীদের দাবি, বর্তমান নেতৃত্বের এই চরম ব্যর্থতার কারণে নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ জোনে যুবদল অবিন্যস্ত ও দুর্বল হয়ে পড়েছে। তৃণমূল যুবদলকে রাজপথে সক্রিয় এবং আন্দোলনের উপযোগী করতে হলে এই ব্যর্থ কমিটি ভেঙে দিয়ে অবিলম্বে নতুন ও গতিশীল নেতৃত্ব তৈরি করা এখন সময়ের দাবি। অন্যথায়, আগামী দিনে যেকোনো রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে বড় ধরনের সংকটে পড়বে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।