দেশ, রাষ্ট্র ও ইসলামের পক্ষে জমিয়ত কখনো কার্পণ্য করবে না: মাওলানা ফেরদাউসুর রহমান

23

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর জেলা ও মহানগর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকালে নারায়ণগঞ্জ শহরের জামতলাস্থ হীরা ড্রাগন প্যালেসে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা কমিটির আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমান।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটি কর্তৃক পূর্বের জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্র থেকে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরের জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়ে প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর স্বাক্ষরিত এই নতুন কমিটিকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের পক্ষ থেকে তিনি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানান।

মাওলানা ফেরদাউসুর রহমান তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে দুটি জাঁকজমকপূর্ণ ও স্বতঃস্ফূর্ত কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করে কেন্দ্রকে উপহার দেওয়া হবে। পাশাপাশি যেসব থানা বা ইউনিটে এখনো কমিটি গঠিত হয়নি, সেখানে অবিলম্বে আহ্বায়ক বা পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, অতীতের সব মতপার্থক্য ভুলে নারায়ণগঞ্জকে একটি সুন্দর ও শান্তিময় নগরী হিসেবে গড়ে তুলতে এবং বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে জমিয়তে উলামায়ে ইসলাম প্রতিশ্রুতিবদ্ধ। জনস্বার্থে সব কার্যক্রমে অংশীদার হয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি উপস্থিত সাংবাদিক ও সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উক্ত পরিচিতি সভায় কেন্দ্র ঘোষিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আহ্বায়ক কমিটির দায়িত্বশীল ও সদস্যবৃন্দের পরিচয় তুলে ধরা হয়।

নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছেন-আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমান, যুগ্ম আহ্বায়ক মুফতী তৈয়ব আল হোসাইন, সদস্যসচিব মাওলানা মাসরুর আহমেদ ভূঁইয়া, যুগ্ম সদস্যসচিব মুফতী মাসুদুর রহমান এবং সদস্য হিসেবে রয়েছেন মাওলানা তাজুল ইসলাম আব্বাস, মাওলানা মোস্তফা কাসেমী, মুফতী শিব্বীর আহমেদ, মাওলানা সালাউদ্দীন, মাওলানা জাকারিয়া আল ফারহাদ, মাওলানা তাজুল ইসলাম ও মাওলানা শফিকুল ইসলাম।

অন্যদিকে নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছেন-আহ্বায়ক মাওলানা কামাল উদ্দিন দায়েমী, যুগ্ম আহ্বায়ক মাওলানা সাজ্জাদ হোসাইন, সদস্যসচিব মাওলানা মনোয়ার হোসাইন এবং সদস্য হিসেবে রয়েছেন মাওলানা রাকিবুল ইসলাম মাহমুদী, মুফতী ইসমাইল সরকার, হাফেজ আব্দুল আলিম, মুফতী সাইফুল ইসলাম, হাজী মুহাম্মদ শাহীন, মাওলানা হুমায়ুন রশিদ, মাওলানা আব্দুর রশিদ ও মাওলানা রুহুল আমিন।