দেওভোগে জমি নিয়ে সংঘর্ষ: বাড়িতে হামলা, নগদ টাকা ও স্বর্ণ লুট

213

ফতুল্লার দেওভোগ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি বাড়িতে সশস্ত্র হামলা, ভাঙচুর, লুটপাট এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ ফারুক হোসেন।

 

ঘটনাটি ঘটেছে গত রবিবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে ফতুল্লার দেওভোগ মাদ্রাসা পশ্চিম নগর এলাকায়।

 

অভিযুক্তরা হলেন— দেওভোগ মাদ্রাসা পশ্চিম নগর এলাকার দেলোয়ার (৩৮), মোঃ মারুফ (৪৮), মোঃ বাপ্পী (৩৮), সীমান্ত (২২) এবং আতাউল মারুফ (৫০)।

 

অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীগণের সঙ্গে ফারুক হোসেনের পরিবারের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে বিবাদীগণ দলবল নিয়ে দেশীয় ধারালো অস্ত্র— দা, রামদা, চাকু ও লাঠিসোটা নিয়ে ফারুক হোসেনের বাড়িতে অনাধিকার প্রবেশ করে। তারা অতর্কিত হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর শুরু করে।

 

হামলার সময় ফারুক হোসেন বাড়িতে না থাকায় তার বড় ভাই মানিক (৪৫) বাধা দিতে গেলে তাকে এলোপাতাড়ি মারধর করে জখম করা হয়। মানিকের স্ত্রী রত্না বেগম স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয় এবং শ্লীলতাহানির শিকার হন তিনি।

 

ভুক্তভোগী ফারুক হোসেনের স্ত্রী তামান্না আক্তার হামলার দৃশ্য মোবাইলে ধারণ করার চেষ্টা করলে হামলাকারীরা তাকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে বিবাদীগণ ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা এবং প্রায় ৩ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা ফারুক হোসেনের বড় ভাইকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক কয়েকটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়।

 

ভুক্তভোগী ফারুক হোসেন জানান, “জমি দখলের উদ্দেশ্যে তারা এই তান্ডব চালিয়েছে। আমার পরিবারের ওপর হামলা করে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার লুট করেছে। আমি এর সঠিক বিচার চাই।”

 

ফতুল্লা মডেল থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।