গুজবে ক্ষুব্ধ বক্তাবলীবাসী: ‘বিতর্কিত কাউকে দায়িত্ব দেওয়া হবে না’ ডিসির স্পষ্ট আশ্বাস

229

ফার্স্ট নিউজ রিপোর্ট :

য়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নে নাগরিক সেবা বন্ধ থাকার সুযোগে নতুন করে গুজব ছড়াচ্ছে বিতর্কিত মেম্বার আব্দুর রশিদের অনুসারীরা। তারা এলাকায় প্রচার করছে যে, আগামী ২-১ দিনের মধ্যেই ১১ মামলার আসামি রশিদকে পুনরায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হচ্ছে। এমন গুজবে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে পুরো ইউনিয়নজুড়ে।

তবে, জেলা প্রশাসক স্পষ্টভাবে এই গুজব নাকচ করে দিয়ে জানিয়েছেন, কোনো বিতর্কিত ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে না এবং এলাকাবাসীর আকাঙ্ক্ষা অনুযায়ীই সিদ্ধান্ত নেওয়া হবে।

হাইকোর্টে রিট করে প্রশাসকের কার্যক্রম আটকে দেওয়ার পর থেকে এক মাসেরও বেশি সময় ধরে বক্তাবলী ইউনিয়নে নাগরিক সেবা বন্ধ রয়েছে। এই অচলাবস্থার মাঝেই রশিদের লোকজন প্রচার করছে যে, প্রশাসনকে ‘ম্যানেজ’ করে ফেলা হয়েছে এবং রশিদই আবার চেয়ারে বসছেন।

এই খবর ছড়িয়ে পড়লে ফুঁসে ওঠে সাধারণ মানুষ। সম্প্রতি এক মানববন্ধনে এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়ে দেন— বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যাসহ ১১ মামলার আসামি, স্বৈরাচারের দোসর এবং ভূমিদস্যু রশিদকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তাকে পুনরায় দায়িত্ব দেওয়ার পাঁয়তারা করা হলে কঠোর আন্দোলন ও বড় ধরনের সংঘাতের সৃষ্টি হতে পারে বলে হুঁশিয়ারি দেন তারা।

রশিদ মেম্বারের কারণে চরম অতিষ্ঠ পরিষদের ৯ জন ইউপি সদস্য। তারা জানান, রশিদ ব্যাপকভাবে বিতর্কিত এবং তার অপকর্মের কারণেই তাকে অপসারণ করা হয়েছিল।

মেম্বাররা প্রশাসনের কাছে দাবি জানিয়ে বলেন, “যেহেতু রশিদকে একবার বাদ দেওয়া হয়েছে, তাই তার অপসারণ বহাল রাখা হোক। আমাদের পরিষদে আরও দুইজন প্যানেল চেয়ারম্যান রয়েছেন। তাদের মধ্য থেকে কাউকে দায়িত্ব দেওয়া হোক। অথবা, মেম্বারদের ভোটের মাধ্যমে নতুন কোনো সৎ ও যোগ্য ব্যক্তিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করার সুযোগ দেওয়া হোক।”

রশিদের পুনরায় দায়িত্ব পাওয়ার গুজব এবং নাগরিক সেবা বিঘ্নিত হওয়ার বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক (ডিসি) স্পষ্টভাবে জানান যে, রশিদের দায়িত্ব পাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্তই হয়নি। ##