চৌরঙ্গী পার্ক রক্ষায় নারায়ণগঞ্জে মানববন্ধন, বরফকল এলাকায় পোর্ট নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবি

23

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী চৌরঙ্গী পার্ক রক্ষা এবং বরফকল এলাকায় পোর্ট (বন্দর) নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চৌরঙ্গী পার্ক রক্ষার দাবিতে নারায়ণগঞ্জের পেশাজীবী নেতৃবৃন্দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শহরের পরিবেশ ও ঐতিহ্য রক্ষায় চৌরঙ্গী পার্কের জায়গা পার্ক হিসেবেই বহাল রাখতে হবে। পার্ক ধ্বংস করে কোনো অপ্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।

বক্তারা অভিযোগ করেন, নারায়ণগঞ্জের কাছেই পানগাঁওয়ে একটি বড় পোর্ট নির্মাণ করা হলেও যথাযথ পরিকল্পনার অভাবে সেটি এখনো প্রত্যাশিতভাবে কার্যকর করা সম্ভব হয়নি। এরপরও শহরের বরফকল এলাকায় পার্কের জমি দখল করে নতুন পোর্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তাঁদের অভিযোগ, এ ধরনের প্রকল্পের আড়ালে সরকারি অর্থের অপচয় ও দুর্নীতির আশঙ্কা রয়েছে। নদীতে বড় জাহাজ চলাচল ও ঘোরানোর পর্যাপ্ত জায়গা না থাকলে সেখানে পোর্ট নির্মাণের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।

বক্তারা আরও বলেন, অতীতের সরকারের সময় নেওয়া এ ধরনের অপ্রয়োজনীয় প্রকল্পের সিদ্ধান্ত বাতিল করে জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে।

 

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের পক্ষ থেকে দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ, পার্ক ও শিশু পার্ক নির্মাণের ঘোষণা রয়েছে। এমন পরিস্থিতিতে একটি প্রতিষ্ঠিত পার্ক ধ্বংস করে সেখানে পোর্ট নির্মাণের উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

তাঁরা অবিলম্বে বরফকল এলাকায় পোর্ট নির্মাণের সিদ্ধান্ত বাতিল করে চৌরঙ্গী পার্কের জায়গা পার্ক হিসেবে সংরক্ষণের দাবি জানান।

 

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। প্রয়োজনে নারায়ণগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবিরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমাবেশে বক্তারা ঐতিহ্যবাহী চৌরঙ্গী পার্ক রক্ষায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।