স্বাধীনতা দিবসে মানবতার সেবা: দুঃস্থদের পাশে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন

57

মহান স্বাধীনতা দিবস শুধু আনুষ্ঠানিকতা নয়, মানবতার সেবার মধ্য দিয়েই উদযাপন—এমন বার্তাই দিলো মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন।

নারায়ণগঞ্জ নগরীর চাষাড়া শহীদ মিনার চত্বর ও বন্দরের ২৭নং ওয়ার্ডের গুকুলদাসের বাগ এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করে প্রতিষ্ঠানটি, যেখানে শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষ পেয়েছেন বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাকিবুল ইসলাম রাকিব ক্যাম্প পরিদর্শন শেষে বলেন,

“আমরা শুধু বিশেষ দিবসেই নয়, বছরের প্রতিটি সময়ই অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। এই উদ্যোগ তারই একটি অংশ, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, এই ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মানুষদের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে, যা তাদের জন্য স্বস্তির বড় কারণ।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খাঁন টিপু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, সাজ্জাদ হোসেন কমলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 স্বাধীনতার চেতনা যখন মানবসেবায় প্রতিফলিত হয়, তখনই তার প্রকৃত অর্থ পূর্ণতা পায়—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।