ঘটনার চারদিন পরেও পেটকাটা রকিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

348

স্টাফ রিপোর্টার :
ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দায়েরের চার দিন পেরিয়ে গেলেও দুর্র্ধষ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী হিসেবে পরিচিত ‘পেটাকাটা রকি’কে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযোগ দায়েরের পর থেকেই রকি এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। উত্তর ইসদাইর কাপড়পট্টি এলাকায় তাকে আর দেখা যাচ্ছে না। তবে রকির শ্যালক অপর দূর্ধর্ষ মাদক ব্যবসায়ী শান্তকে গতকাল এলাকায় ঘুরাফিরা করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, রকি তার সাঙ্গপাঙ্গদের নিয়ে আত্মগোপনে রয়েছে, তবে রকির শ্যালক ফিরে এসে প্রকাশ্যে ঘুরাফেরা করার ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাড়ছে।
থানায় দায়ের করা লিখিত অভিযোগে ভুক্তভোগী তাসফিয়া আক্তার রেসমি উল্লেখ করেন, গত ২৮ জুলাই দুপুরে উত্তর ইসদাইর কাপড়পট্টি এলাকায় তার বাড়ির সামনে পেটাকাটা রকি ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করে। পরে ঘরে ঢুকে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এ সময় ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশসহ ভয়াবহ পরিণতির হুমকিও দেওয়া হয়।
অভিযোগে রকির সহযোগী হিসেবে আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী দাবি করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই, চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাদের ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না।
এ ঘটনায় ফতুল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের তদন্ত করছেন ফতুল্লা মডেল থানার এসআই জাহাঙ্গীর।
এ বিষয়ে এসআই জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অভিযুক্ত রকি বর্তমানে গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেফতারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি, খুব শিগগিরই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।”
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পেটাকাটা রকি দীর্ঘদিন ধরে ফতুল্লার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও দীর্ঘদিন ধরেই সে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। সাম্প্রতিক এই ঘটনার পর এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসীর দাবি, পেটাকাটা রকিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হলে এলাকায় স্বস্তি ফিরে আসবে এবং মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে। ##