আটা-ময়দা মিল মালিক সমিতির নবনির্বাচিত ত্রিবার্ষিক (২০২৬-২০২৯) কার্যকরী কমিটির অভিষেক ও সম্মাননা অনুষ্ঠিত...

গম মজুদ করে কৃত্রিম সংকটের মাধ্যমে আটা-ময়দার দাম বাড়াচ্ছে চক্র : সভাপতি সোহাগ

185

নিজস্ব প্রতিবেদক :

বিদেশ থেকে গম আমদানির পর জাহাজে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং সেই সুযোগে আটা-ময়দার দাম বাড়ানোর অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ চক্রের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সোহাগ। একই সঙ্গে বাজার স্থিতিশীল রাখতে গম আমদানি ও সরবরাহ ব্যবস্থায় কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নবনির্বাচিত ত্রিবার্ষিক (২০২৬-২০২৯) কার্যকরী কমিটির অভিষেক ও সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের নিতাইগঞ্জের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

বিদায়ী সভাপতি জসিম উদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক মোহাম্মদ সোহাগ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন মন্টু, সাধারণ সম্পাদক ইকবাল আলীসহ নবনির্বাচিত কমিটির সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সহ-সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ খান, হোসাইন বোখারীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, দেশের বাজারে আটা-ময়দার চাহিদা ক্রমেই বাড়ছে। এ খাতের সঙ্গে বিপুলসংখ্যক ব্যবসায়ী, শ্রমিক, পরিবহন ও সংশ্লিষ্ট অন্যান্য পেশাজীবী জড়িত। ফলে গমের সরবরাহে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি হলে তার সরাসরি প্রভাব পড়ে আটা-ময়দার বাজারে এবং শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সোহাগ বলেন, বর্তমানে একটি চক্র বিদেশ থেকে গম আমদানির পর জাহাজে গম মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করছে। পরে অধিক মুনাফার জন্য সেই সংকটকে কাজে লাগিয়ে আটা-ময়দার দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের কারণে প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি বাজারে অস্থিতিশীলতা তৈরি হওয়ায় সাধারণ ভোক্তাদেরও বাড়তি দামে আটা-ময়দা কিনতে হচ্ছে।

মোহাম্মদ সোহাগ প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা পরিকল্পিতভাবে গম মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে গম আমদানি থেকে শুরু করে জাহাজে খালাস, মজুদ ও বাজারে সরবরাহ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কার্যকর নজরদারি নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং ভোক্তাদের ন্যায্যমূল্যে আটা-ময়দা সরবরাহ নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে নবনির্বাচিত কমিটি।

নতুন কমিটির নেতৃত্বে নারায়ণগঞ্জের আটা-ময়দা ব্যবসা আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা। তারা বলেন, ব্যবসায়ীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে নিতাইগঞ্জসহ নারায়ণগঞ্জের বৃহৎ পাইকারি বাজারে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় আরও জোরদার করা হবে।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য অটুট রেখে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারে আটা-ময়দার সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ বিবেচনায় নিয়ে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।