মানবতার ছোঁয়া: কাশিপুরে ব্লাড ডোনেশনের উদ্যোগে চিকিৎসা সেবা

50

নারায়ণগঞ্জের কাশিপুরে দিনব্যাপী এক বিশাল বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকে দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় মাঠে ‘কাশিপুর ব্লাড ডোনেশন গ্রুপ’-এর উদ্যোগে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

ক্যাম্পে সারাদিনে প্রায় ১ হাজার মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জিসাসের সভাপতি মোঃ সোহেল মাহমুদ। এ সময় তিনি একটি বড় ঘোষণা দিয়ে বলেন, কাশিপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটিতে পর্যায়ক্রমে এই চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে। মোট ৯ হাজার মানুষকে এই সেবার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, কোনো অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসার অভাবে কষ্ট পেলে তার সাথে যোগাযোগ করলে তিনি সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করবেন।

কাশিপুর ব্লাড ডোনেশন গ্রুপের সভাপতি মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় তরুণ সমাজসেবক নাঈম দেওয়ানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

সারাদিনব্যাপী আয়োজনে স্থানীয় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গেছে।