ফতুল্লা থানায় মামলা দায়ের...

বাসা ছাড়তে বলায় বাড়িওয়ালার উপর হামলা-মারধর

359

নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়াটিয়াকে বাসা ছাড়তে বলাকে কেন্দ্র করে বাড়িওয়ালা ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে কয়েকজন ভাড়াটিয়া ও তাদের সহযোগীদের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. বিপুল বাদী হয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্রে বলা হয়, প্রায় এক মাস ১৫ দিন আগে ফতুল্লার মাসদাইর এলাকায় বিপুলের বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া ওঠেন অভিযুক্তদের মধ্যে দুইজন। ভাড়ায় ওঠার পর তারা কক্ষে অবস্থান করে মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং বিভিন্ন ছেলে-মেয়ের যাতায়াত ছিল বলে অভিযোগ করেন বাড়ির মালিক।
বিষয়টি নজরে আসার পর ভাড়াটিয়াদের বাসা ছেড়ে দিতে বলেন মো. বিপুল। তবে অভিযোগ অনুযায়ী, তারা বাড়িওয়ালার কথায় কর্ণপাত না করে প্রয়োজন হলে পরে বাসা পরিবর্তন করবেন বলে জানান। এ অবস্থায় তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় নজরদারিতে রাখেন বাড়ির মালিক।
অভিযোগে আরও বলা হয়, গত ১২ আগস্ট বিকেল আনুমানিক ৫টার দিকে ভাড়াটিয়াদের একটি কক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখতে পান বিপুল। পরে ওই কক্ষের ভেতর থেকে কথাবার্তার শব্দ শুনে দরজায় অপেক্ষা করেন তিনি। একপর্যায়ে এক নম্বর অভিযুক্ত এসে তাকে চলে যেতে বলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এরপর কক্ষ খুললে সেখানে একজন অজ্ঞাতনামা নারীকে দেখতে পান বাড়ির মালিক। পরে অভিযুক্তরা ওই বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় বাড়ির মালিক ও তার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করার হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে।
অভিযোগপত্রে আরও বলা হয়, একই দিন সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে অভিযুক্তরা আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে চাপাতি, সুইচ গিয়ার, লাঠি, হকিস্টিক ও লোহার রডসহ বাড়ির সামনে উপস্থিত হয়। এ সময় বাড়ির মালিকের ছেলে ও তার এক বন্ধুকে মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।
অভিযোগকারী দাবি করেন, পরে তিনি বাধা দিতে এগিয়ে গেলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং একাধিকবার প্রাণনাশের হুমকি দেয়।
অভিযোগে আরও দাবি করা হয়েছে, অভিযুক্তরা এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী প্রকৃতির লোকজনের সঙ্গে চলাফেরা করে এবং যেকোনো সময় তাকে ও তার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করতে পারে—এমন আশঙ্কায় রয়েছেন তিনি।
এ ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মো. বিপুল।
তবে অভিযোগে আনা এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি এখন পুলিশের তদন্তের ওপর নির্ভর করছে। ##