ফতুল্লার ইসদাইর ও গাবতলীতে মাদকের রাজত্ব, আতঙ্কে সাধারণ মানুষ

134

নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ইসদাইর ও গাবতলী এলাকায় মাদক ব্যবসা ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রতিদিন দুপুরের পর থেকে এসব এলাকায় প্রকাশ্যেই বসছে মাদকের হাট, যেখানে দূর-দূরান্ত থেকে মাদকসেবীরা এসে ভিড় করছে। ফলে সাধারণ মানুষের জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে উঠছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইসদাইরের খানকা রোড, আউয়াল মেম্বারের বাড়ি সংলগ্ন এলাকা এবং গাবতলীর রওশনআরা স্কুলের গলিতে নিয়মিতভাবে মাদক বেচাকেনা হচ্ছে। দুপুরের পর থেকেই এসব স্থানে মাদকসেবী ও ব্যবসায়ীদের আনাগোনা বাড়তে থাকে। সন্ধ্যার আগেই পুরো এলাকা মাদকসেবীদের ভিড়ে ভরে যায় বলে জানিয়েছেন বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় কয়েকজন যুবক এই মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে। তাদের প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। অনেকেই বলছেন, যারা মাদক ব্যবসার বিরুদ্ধে কথা বলতে চেয়েছেন, তারা বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতির মুখে পড়েছেন।
একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিদিন দুপুরের পর থেকে এখানে মাদকের বাজার বসে। আশপাশের এলাকা থেকেও অসংখ্য মাদকসেবী আসে। আমরা পরিবার নিয়ে আতঙ্কে থাকি, কিন্তু ভয়ে কেউ কিছু বলতে পারি না।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। তাদের মতে, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির অভাব এবং গাফিলতির কারণেই পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, নিয়মিত অভিযান ও নজরদারি থাকলে এভাবে প্রকাশ্যে মাদক বিক্রি হওয়ার সুযোগ থাকত না। ফলে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী বলছেন, পরিস্থিতির দ্রুত উন্নতির জন্য তারা এখন সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান-এর হস্তক্ষেপ কামনা করছেন। তাদের প্রত্যাশা, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কঠোর নির্দেশনা ও অভিযান পরিচালনা করা হলে এলাকায় মাদক ব্যবসা বন্ধ করা সম্ভব হবে।

এদিকে সচেতন মহল বলছে, মাদক ব্যবসা নিয়ন্ত্রণে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান এবং স্থানীয়ভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। অন্যথায় ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং তরুণ সমাজ মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। ##