প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ায় মামুন মাহমুদকে স্বেচ্ছাসেবক দলের ফুলেল সংবর্ধনা

76

মামুন মাহমুদ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের কার্যালয়ে উপস্থিত হয়ে নবনিযুক্ত প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানান স্বেচ্ছাসেবক দলের নেতারা।

শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে হামলা-মামলা ও নানা নির্যাতনের মধ্যেও অধ্যাপক মামুন মাহমুদ রাজপথে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে এসেছেন। দল তাঁর সেই ত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন করেছে বলে তারা মনে করেন।

তারা আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, রাজনৈতিক প্রজ্ঞা ও দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন। তাঁর নেতৃত্বে জেলা পরিষদের কার্যক্রমে গতি আসবে এবং নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নতুন মাত্রা যোগ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এদিকে, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অধ্যাপক মামুন মাহমুদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম-আহ্বায়ক জি. এস. শাহ আলম ভূঁইয়া, আহ্বায়ক কমিটির সদস্য নুর আহমেদ ভূঁইয়া সোহেল, কাজী মাজেদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. সোহেল রানা এবং সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম প্রিন্সসহ আরও অনেকে।