নাসিকের আওতায় ফতুল্লার চার ইউনিয়ন : উদ্যোগকে স্বাগত এলাকাবাসীর

183

নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর অবশেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় আসতে যাচ্ছে ফতুল্লার চারটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। কুতুবপুর, ফতুল্লা, এনায়েতনগর এবং কাশীপুর ইউনিয়নকে শিগগিরই সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার ঘোষণা এসেছে জাতীয় সংসদ থেকে, যা স্থানীয়দের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
গতকাল জাতীয় সংসদে এ বিষয়ে আলোচনা চলাকালে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন বিষয়টি উত্থাপন করেন। এর প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, উল্লিখিত চারটি ইউনিয়নকে দ্রুতই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় আনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এই ঘোষণার পরপরই সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়ন, সড়ক-ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সুবিধার অভাবে ভোগা এসব ইউনিয়নের বাসিন্দারা মনে করছেন, সিটি করপোরেশনের অন্তর্ভুক্তি তাদের জীবনযাত্রার মানে দৃশ্যমান পরিবর্তন আনবে।
ফতুল্লাবাসী সরকারের এই সিদ্ধান্ত এবং স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলছেন, এটি বাস্তবায়িত হলে এলাকার দীর্ঘদিনের অবহেলা দূর হবে এবং আধুনিক নগর সুবিধা পাওয়ার পথ সুগম হবে। অনেকেই আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ দ্রুত বাস্তব রূপ পেলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সার্বিক উন্নয়নে নতুন গতি আসবে।
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, তিনিও চান এসব ইউনিয়ন দ্রুত সিটি করপোরেশনের আওতায় আসুক। তিনি জানান, “আমি ব্যক্তিগতভাবে এ উদ্যোগকে স্বাগত জানাই। এই চারটি ইউনিয়ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হলে আমরা পরিকল্পিত উন্নয়নের আওতায় এনে নাগরিক সেবা নিশ্চিত করার সর্বাত্মক চেষ্টা করবো।”
বিশ্লেষকদের মতে, ফতুল্লা অঞ্চলটি শিল্পাঞ্চল হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ইউনিয়ন কাঠামোর মধ্যে থাকার কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলে আধুনিক নগর ব্যবস্থাপনা, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং পরিকল্পিত নগরায়ণের সুযোগ তৈরি হবে।
তবে একই সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন এলাকা যুক্ত হলে সিটি করপোরেশনের ওপর প্রশাসনিক ও আর্থিক চাপ বাড়বে। সেই সঙ্গে বিদ্যমান অবকাঠামোর সঙ্গে নতুন এলাকাগুলোর সমন্বয় করাও বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
সব মিলিয়ে, ফতুল্লার চার ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় আনার এই উদ্যোগকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, ঘোষণার বাস্তবায়ন কত দ্রুত হয় এবং এর সুফল কতটা দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছায়।