নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সম্মানে এক ইফতার ও মতবিনিময় মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে শহরের একটি মিলনায়তনে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মহিবুর রহমান মুহিব। তিনি তার বক্তব্যে বলেন, “৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি, এজন্য আল্লাহর নিকট শুকরিয়া। আমরা চাই সাংবাদিকরা সত্যকে মিথ্যায় রূপান্তর করবেন না। পবিত্র কোরআনের শিক্ষা অনুযায়ী আপনারা একে অন্যকে ঘায়েল করতে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকবেন। সমালোচনা নেওয়ার মানসিকতা আমাদের রয়েছে বলেই আজ আপনাদের সাথে এই মিলনমেলা।”
সভাপতির বক্তব্যে মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান বলেন, “বিগত ফ্যাসিস্ট আমলে অনেক সাংবাদিক নির্যাতিত ও আহত হয়েছেন। আমরা বিশ্বাস করি ছাত্র সংগঠনের সাথে সাংবাদিকদের সুসম্পর্ক থাকা জরুরি। আমাদের কোনো ভুল-ভ্রান্তি থাকলে তা ধরিয়ে দিন, আমরা তা শুধরে নিতে বদ্ধপরিকর।”
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন বলেন, “একটা সময় আমাদের দাওয়াত মানুষের কাছে পৌঁছানো কঠিন ছিল। ২৪ জুলাইয়ের পর থেকে আমরা গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের কার্যক্রম তুলে ধরতে পারছি। আমরা আশা করি সাংবাদিকরা সত্যকে সত্য হিসেবেই জাতির সামনে উপস্থাপন করবেন।”
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন রাজু’র সঞ্চালনায় অনুষ্ঠানে তিনি বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আপনারা সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। কোনো তেলবাজি বা হলুদ সাংবাদিকতা নয়, বরং নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সাহসী ভূমিকা কাম্য।”
অনুষ্ঠানে দৈনিক বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি ইউসুফ আলী প্রধানের আন্তরিকতায় আমন্ত্রিত সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও চ্যানেল ওয়ান প্রতিনিধি নাফিজ আশরাফ, দৈনিক সংগ্রাম এড. তমিজ উদ্দিন আহমাদ, চ্যানেল ২৪ ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, ডেইলি স্টার প্রতিনিধি সৌরভ হাসান সিয়াম, ডিবিসি নিউজ সাবিত আল হাসান, এন টিভি বিল্লাল হোসেন রবিন, মাই টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, টুডে টাইমস সম্পাদক তানজিমুল হাসান মায়া’জ এবং চ্যানেল এস ইফুল্লাহ মাহমুদ টিটু। সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, গণমাধ্যমের সাথে এই ধরনের মতবিনিময় আরও আগে হওয়া প্রয়োজন ছিল।
তারা জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সাংবাদিকদের বিপদে ছাত্র সংগঠনগুলোকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানটি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের দোয়ার মাধ্যমে শেষ হয়।




