নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকার আলোচিত জাহাঙ্গীর আলম জনি হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নিহত জনির পরিবার, আত্মীয়-স্বজন এবং বৃহত্তর দেলপাড়া এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিত ও নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় একজন আসামি গ্রেপ্তার হলেও বাকি অভিযুক্তরা এখনও পলাতক। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হলে হত্যার প্রকৃত রহস্য আরও স্পষ্ট হবে।
বক্তারা আরও বলেন, গ্রেপ্তার হওয়া আসামি ফারজানা আক্তার মুন্নি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে তারা দাবি করেন। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
তাদের দাবি, এ মামলার অভিযুক্ত হাফসা আক্তার শৈলী, মো. সৈকত, লিংকন, আমিনা বেগমসহ আরও কয়েকজন এখনও পলাতক রয়েছেন। দ্রুত তাদের গ্রেপ্তার না হওয়ায় জনমনে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা।
মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাকি আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় জনি হত্যা মামলার বিচারের দাবিতে ফতুল্লা মডেল থানা ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত জাহাঙ্গীর আলম জনির পিতা মো. আব্দুল শুক্কুর মিয়া, বোনজামাই মো. আল আমিন, ভাই এম. তানভীর, চাচা মিলন মিয়া, প্রতিবেশী আবু বক্কর সিদ্দিকসহ নিহতের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং দেলপাড়া এলাকার সর্বস্তরের মানুষ।




