নিজস্ব প্রতিবেদক :
আজ সোমবার সকাল ১১টায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানীকালে এনসিপির নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সম্পাদক জুলফিকার হায়দার বিপ্লব বলেন, আজ আমি অত্যন্ত আশাবাদ ও অধিকারের দাবি নিয়ে এনায়েতনগর ও ফতুল্লার কয়েকটি ওয়ার্ড এর হাজার হাজার সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে দাঁড়িয়েছি।
আমাদের অঞ্চল গুলো কেবল ভূখণ্ড নয়, এটি একটি ঘনবসতিপূর্ণ, সম্ভাবনাময় এবং দ্রুত শিল্পায়িত অঞ্চল। নারায়ণগঞ্জের প্রধান শহরের সন্নিকটে থাকা সত্ত্বেও কেবল একটি প্রশাসনিক সীমারেখার কারণে আমরা আধুনিক নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। প্রতিনিয়ত অপরিকল্পিত বর্জ্য, অবহেলিত ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তাঘাটের তীব্র দৈন্যদশার মধ্য দিয়ে আমাদের জীবনযাপন করতে হচ্ছে। ইউনিয়ন পরিষদের সীমিত সামর্থ্য দিয়ে এত বিশাল জনগোষ্ঠীর চাহিদাপূরণ কোনোভাবেই সম্ভব নয়।
আমরা জানি, এই সীমানা পরিবর্তনের সাথে প্রশাসনিক, আইনি এবং নিকার (NICAR)-এর মতো জাতীয় কমিটির চূড়ান্ত অনুমোদনের বিষয়গুলো জড়িত। কিন্তু আমলাতান্ত্রিক এই দীর্ঘসূত্রতা ও প্রক্রিয়ার প্রতিটি দিন মানে আমাদের এই অঞ্চলের মানুষের ভোগান্তির আরেকটা দিন।
তাই আমরা ডিসি মহাদয় এবং স্থানীয় সরকার বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি— আমাদের এই যৌক্তিক দাবিকে কেবল ফাইলের কাগজে সীমাবদ্ধ না রেখে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করুন। গণশুনানির পর তদন্ত প্রতিবেদন দ্রুত প্রস্তুতকরণ থেকে শুরু করে মন্ত্রণালয়ে ফাইল প্রেরণ এবং চূড়ান্ত গেজেট ও নিকারের অনুমোদন পাওয়ার প্রক্রিয়াটি দ্রুততম সময়ে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
আমরা চাই না শুধু ভৌগোলিক সীমানা বাড়ুক, আমরা চাই আমাদের অবহেলার অবসান ঘটুক। এনায়েতনগর ৯ নং ওয়ার্ডকে অতি দ্রুত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় এনে অধিবাসীদের একটি সুন্দর, নিরাপদ ও আধুনিক নাগরিক জীবন উপহার দিন।




