নারায়ণগঞ্জে সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে পূর্ণাঙ্গ সরকারি পৃষ্ঠপোষকতার দাবি: মামুন মাহমুদের

31

নারায়ণগঞ্জের শায়েস্তা খান রোডে অবস্থিত ‘সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল’-এর অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্কুলটি পরিদর্শন শেষে তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি নানা সংকটের মধ্য দিয়ে চলছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষ, খেলার জায়গা, ফিজিওথেরাপি ও আধুনিক থেরাপি সুবিধা, স্যানিটেশন, প্রশিক্ষিত শিক্ষক ও নার্সের প্রয়োজন থাকলেও এসব সুবিধা এখানে পর্যাপ্ত নেই।

মামুন মাহমুদ বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়। যথাযথ পরিচর্যা ও প্রশিক্ষণ পেলে তারাও মেধা ও সৃজনশীলতার মাধ্যমে দেশের জন্য অবদান রাখতে পারে।

তিনি জানান, স্কুলটির উন্নয়ন, জমির স্থায়ী বরাদ্দ এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।এ সময় স্কুলের উপদেষ্টা, সমাজসেবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।