লাঙ্গলবন্দ উন্নয়নে অনিয়ম রোধ ও লক্ষ্মীনারায়ণ মন্দির খুলে দেওয়ার দাবিতে ডিসিকে স্মারকলিপি

37

 

নারায়ণগঞ্জে আত্মপ্রকাশ করেছে ‘নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদ’। সংগঠনটির আত্মপ্রকাশের বিষয়ে জেলা প্রশাসনকে অবহিতকরণ, জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জন্মাষ্টমী, দুর্গাপূজা, রথযাত্রাসহ সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো সভায় আমন্ত্রণ ও প্রশাসনিক সহযোগিতা প্রদান, আন্তর্জাতিক তীর্থক্ষেত্র মহাতীর্থ লাঙ্গলবন্দ উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অসঙ্গতি রোধ এবং ঐতিহ্যবাহী শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ শ্রীশ্রী দুর্গা মন্দিরের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে পৃথক স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো: রায়হান কবিরের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনটির নেতৃবৃন্দ এসব স্মারকলিপি হস্তান্তর করেন। পরিষদের আহ্বায়ক মানিক চন্দ্র সরকারের নেতৃত্বে প্রতিনিধি দলটি সাক্ষাৎকালে সংগঠনের লক্ষ্য ও কার্যক্রমের পাশাপাশি মহাতীর্থ লাঙ্গলবন্দ উন্নয়ন প্রকল্প এবং লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ মন্দিরের সার্বিক পরিস্থিতি বিশদভাবে তুলে ধরেন।

 

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বলেন, মহাতীর্থ লাঙ্গলবন্দ কেবল নারায়ণগঞ্জ বা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বিশ্বজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান আন্তর্জাতিক তীর্থস্থান। ফলে এই তীর্থক্ষেত্রের উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা ও কাজের মান নিশ্চিত করা অপরিহার্য। উন্নয়নকাজে যেকোনো ধরনের অনিয়ম বা অসঙ্গতি পরিলক্ষিত হলে তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা।

 

একইসঙ্গে বন্ধ থাকা শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ শ্রীশ্রী দুর্গা মন্দিরটি দ্রুত খুলে দেওয়া, সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা এবং মন্দিরের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য জেলা প্রশাসনের প্রত্যক্ষ হস্তক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ।

 

স্মারকলিপি গ্রহণ শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির উত্থাপিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিনিধি দলকে নিশ্চিত করেন।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের সদস্য সচিব গোপাল চন্দ্র মণ্ডল, যুগ্ম সদস্য সচিব তন্ময় মহন্ত, সদস্য রঞ্জিত দাস, সঞ্জীব মণ্ডল, সজীব দাস এবং শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ শ্রীশ্রী দুর্গা মন্দির কমিটির নেতৃবৃন্দ। পরিষদের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, জেলা প্রশাসনের সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে লাঙ্গলবন্দ উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ফিরবে এবং লক্ষ্মীনারায়ণ কটন মিলস্ মন্দিরের সুরক্ষা সুনিশ্চিত হবে।