কথায় কথায় চাপাতি রামদা নিয়ে বের হয় এই সন্ত্রাসী...

মেকআপ সেলিম এখন পশ্চিম ইসদাইরবাসীর আতংক

512

ফতুল্লা প্রতিনিধি :

ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পশ্চিম ইসদাইর এলাকায় অভিযুক্ত সেলিম হোসেন ওরফে ‘মেকাপ সেলিম’-কে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট এক যুবককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে সেলিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, প্রকাশ্যে হামলা চালিয়ে আহত করার পাশাপাশি ধারালো অস্ত্র এনে হত্যার চেষ্টা এবং পরে ভুক্তভোগীর পরিবারের সদস্যদেরও হুমকি দেওয়া হয়েছে।

এদিকে অভিযোগের বিষয়টি প্রকাশ্যে আসার পর পশ্চিম ইসদাইর এলাকার বেশ কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, অভিযুক্তের বিরুদ্ধে অতীতেও চুরি, ছিনতাই, মাদক সেবন ও মাদক বিক্রিসহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এলাকায় নানা অভিযোগ ছিল। তবে ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে চান না।

স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি জানান, অতীতে একাধিকবার সামাজিকভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। তাদের মতে, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এদিকে অভিযোগকারী মো. আফফান আমিন দাবি করেন, অভিযোগ দেওয়ার পরও তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

অন্যদিকে অভিযুক্ত সেলিম হোসেনের বক্তব্য জানার জন্য তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ফতুল্লা থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।