FBCCI NEWS

দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন...

এফবিসিসিআই প্রশাসককে সহায়তায় ১৬ সদস্যের কমিটি , সদস্য হলেন মোহাম্মদ হাতেম

234

স্টাফ রিপোর্টার :

দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ ফজলুল হককে দায়িত্ব পালনে সহায়তা করতে ১৬ সদস্যের একটি  ’সহায়ক কমিটি’ গঠন করা হয়েছে। বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে মঙ্গলবার (৪ আগস্ট) এফবিসিসিআই এক অফিস সার্কুলারের মাধ্যমে এ কমিটি গঠন করে।

কমিটিতে চেম্বার গ্রুপ থেকে ৭ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৯ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অ্যাসোসিয়েশন গ্রুপের সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি প্রশাসক মোহাম্মদ ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সহায়তা করবেন।

এফবিসিসিআইর অফিস সার্কুলার অনুযায়ী, চেম্বার গ্রুপের সদস্যরা হলেন—

* তাসকিন আহমেদ, সভাপতি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই);
* মোহাম্মদ আনিসুল হক, সভাপতি, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি;
* মো. হাসান আলী, সভাপতি, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি;
* আবুরাকায়েফ খান, সভাপতি, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি;
* কামরান টি. রহমান, সভাপতি, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই);
* এমদাদুল হোসেন, সভাপতি, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি;
* নিশাত সানজিদ আহমেদ, সভাপতি, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

অ্যাসোসিয়েশন গ্রুপের সদস্যরা হলেন—

* মাহমুদ হাসান খান, সভাপতি, বিজিএমইএ;
* শওকত আজিজ রাসেল, সভাপতি, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ);
* মো. আব্দুল হোসেন, সভাপতি, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন;
* আবুল খুরশীদ, সভাপতি, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি;
* আব্দুল হাই সরকার, সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস;
* মোহাম্মদ হাতেম, সভাপতি, বিকেএমইএ;
* শামীম আহমেদ, সভাপতি, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন;
* আলী আকবর, সভাপতি, রিহ্যাব;
* সৈয়দ নাসিম মঞ্জুর, সভাপতি, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসকের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন এবং এফবিসিসিআইয়ের কার্যক্রম পরিচালনায় সহায়তা করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার পর বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এই সহায়ক কমিটি কার্যত একটি বোর্ডের মতো কাজ করবে। সরকারের অঙ্গীকার অনুযায়ী স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত নেতৃত্বের কাছে এফবিসিসিআইয়ের দায়িত্ব হস্তান্তরই হবে কমিটির অন্যতম প্রধান অগ্রাধিকার।