স্টাফ রিপোর্টার :
ফতুল্লায় এক যুবককে মারধর, প্রাণনাশের হুমকি এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে এক ব্যক্তির বিরুদ্ধে ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী মো. আফফান আমিন (২৬) ফতুল্লা থানাধীন গাবতলী এলাকার বাসিন্দা। অভিযোগে তিনি উল্লেখ করেন, একই এলাকার পশ্চিম ইসদাইরের বাসিন্দা সেলিম হোসেন ওরফে মেকাপ সেলিম (৩৮) দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই, মাদক সেবন ও মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। পাশাপাশি বিভিন্ন সময়ে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন বলেও অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগে বলা হয়, গত ৩ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে জামালের চায়ের দোকান ও মহসিন স্টোরের সামনে অভিযুক্ত সেলিম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে অভিযুক্ত প্রকাশ্যে তাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করেন। এতে তার মাথা, বাহু ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, মারধরের পর অভিযুক্ত তাকে প্রাণনাশের হুমকি দিয়ে বাসা থেকে ধারালো অস্ত্র (রামদা) এনে হত্যার চেষ্টা করেন। তবে অভিযোগকারী ঘটনাস্থল থেকে সরে গেলে তাকে না পেয়ে অভিযুক্ত তার বড় ভাই মো. রুহুল আমিনকে হুমকি দেন এবং তাদের পরিবারের সদস্যদের হত্যার পাশাপাশি ক্ষতিসাধনেরও হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পঞ্চায়েত কমিটির সদস্যরা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও অভিযুক্ত হুমকি-ধমকি অব্যাহত রেখেছেন বলে অভিযোগকারীর দাবি। পরে নিজের নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের সঙ্গে নিয়ে তিনি নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কথা বলার জন্য সেলিম হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া গেছে। ##




