হকার পূনর্বাসনে জামায়াত নেতার কয়েকটি প্রস্তাব

53

নিজস্ব প্রতিবেদক :

গণমাধ্যমের সাথে এক আলাপচারিতায় মাওলানা মাঈন উদ্দিন আহমাদ বলেন, শহরের চাঁদমারী থেকে হাজীগঞ্জ পর্যন্ত গঞ্জ আলী খাল সংলগ্ন যে সড়কটি রয়েছে, সেটি হকারদের পুনর্বাসনের জন্য একটি চমৎকার বিকল্প হতে পারে। তাঁর মতে, এই দীর্ঘ সড়ক এলাকায় প্রায় ২ থেকে আড়াই হাজার হকারকে সুশৃঙ্খলভাবে পুনর্বাসন করা সম্ভব। এতে করে শহরের প্রধান সড়কগুলো যেমন হকারমুক্ত থাকবে, তেমনি হকারদেরও উচ্ছেদের ভয়ে থাকতে হবে না।

পুনর্বাসনের জন্য তিনি আরও কিছু বিকল্প জায়গার কথা উল্লেখ করেন। তিনি জানান, শহরের মিশনপাড়া মোড়ে ‘স্বপ্ন’ সুপার শপ এবং বর্তমান হকার্স মার্কেটের মাঝামাঝি এলাকায় প্রায় ২০ থেকে ২৫ শতাংশ খাস জমি বা সিটি কর্পোরেশনের জায়গা পড়ে আছে। এই জায়গা এবং বর্তমান হকার্স মার্কেটের জমিকে সম্মিলিতভাবে ব্যবহার করে একটি আধুনিক পরিকল্পনা করলে সেখানে আরও কয়েক হাজার হকারকে জায়গা দেওয়া সম্ভব।

মাওলানা মাঈন উদ্দিন আহমাদ মনে করেন, হকারদের শুধু উচ্ছেদ করলেই সমস্যার সমাধান হবে না, বরং তাদের জন্য নির্ধারিত জোন তৈরি করে দেওয়া এখন সময়ের দাবি। প্রশাসনের সদিচ্ছা থাকলে এই খাস জমি ও খাল সংলগ্ন সড়কগুলো ব্যবহার করে শহরকে যানজটমুক্ত এবং হকারদের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব।

নারায়ণগঞ্জের এই জটিল সমস্যা সমাধানে জামায়াত নেতার এমন বাস্তবধর্মী প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন নগরীর সচেতন মহল। এখন দেখার বিষয়, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন এই প্রস্তাবগুলি কতটা গুরুত্বের সাথে বিবেচনা করে।