যানজট নিরসনে আমরা ১০০ স্বেচ্ছাসেবক রেখেছি – দিপু ভূঁইয়া

54

 

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, বিকেএমইএ ও চেম্বার মিলে যানজট নিরসনে আমরা ১০০ স্বেচ্ছাসেবক রেখেছি। আশা করি আমাদের দরকার হলে আপনারাও যানজট মুক্ত করতে আমাদেরকে সাহায্য করবেন। প্রয়োজনে আমরা আরও কিছু স্বেচ্ছাসেবক দিবো। আমরা চেষ্টা করবো আমাদের ব্যাবসায়ীরা সমস্যায় পড়লে তাদের পাশে যেন সবসময় থাকতে পারি সেই চেষ্টাই থাকবে।  আমাদের এক ব্যাবসায়ী ভাই বলেছেন লোক দেখানোর জন্য আমাদের মত ছোট ব্যাবসায়ীদের জরিমানা করা হয়। কিন্তু আমদানিকারকদের গোডাউন চেক করা হয় না। আমাদের দাবী প্রশাসনের কাছে তারা যেন সকলকে আইনের আওতায় এনে যেন সাপ্লাই চেইনটা ঠিক রাখে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন ।

তিনি আরও বলেন, যানজট নিরসনের ফলে বাসস্ট্যান্ডের জন্য আমরা জায়গা দেখিয়েছিলাম। গণতান্ত্রিক সরকার না থাকায় সেটি হয়ে ওঠেনি। এই বাসস্ট্যান্ডটি শহর থেকে বের করা গেলে যানজট অনেকটাই কমে আসবে। নারায়ণগঞ্জের যে কন্ট্রিবিউশন সে অনুযায়ী আরও আগেই এখানে মেডিকেল কলেজ হওয়ার কথা ছিল। বিগত সরকার এটা করেনি। নারায়ণগঞ্জে কতগুলো শিল্প প্রতিষ্ঠান ও মার্কেট। কিন্তু আমাদের ফায়ার স্টেশন খুবই কম। বড় দুর্ঘটনা ঘটলেই আমাদের ঢাকার সাপোর্ট লাগে।

আজ সকালে আমরা জেনেছি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমাদের সাখাওয়াত ভাই। নারায়ণগঞ্জ -৫ আসনের এমপি আমাদের কালাম চাচা। আমরা সকলকে নিয়ে এই ফুটপাত ও ট্রাফিক জ্যাম সমস্যার সমাধান করবো।

উক্ত অনুষ্ঠানে এ সময় নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সদস্যবৃন্দ ও বিভিন্ন ব্যবসায়ীবৃন্দগণ উপস্থিত ছিলেন।