সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের জোর দাবি

মাসদাইরে বাড়িওয়ালার ওপর হামলার ভিডিও ভাইরাল, আসামিদের ধরতে মাঠে পুলিশ

235

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর ঘোষেরবাগে ভাড়াটিয়াকে বাসা ছাড়তে বলাকে কেন্দ্র করে বাড়িওয়ালা ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগের ঘটনায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ হামলার ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ তৎপর হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সাব-ইন্সপেক্টর।

এর আগে এ ঘটনায় ভুক্তভোগী মো. বিপ্লব বাদী হয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে কয়েকজন ভাড়াটিয়া ও তাদের সহযোগীদের বিরুদ্ধে হামলা, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক মাস ১৫ দিন আগে ফতুল্লার মাসদাইর এলাকায় মো. বিপ্লবের বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে দুইজন ভাড়াটিয়া ওঠেন। ভাড়া ওঠার পর তাদের বিরুদ্ধে মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার এবং বিভিন্ন ছেলে-মেয়ের যাতায়াতের অভিযোগ করেন বাড়ির মালিক। বিষয়টি নজরে আসার পর তাদের বাসা ছেড়ে দিতে বলা হলেও তারা তাতে কর্ণপাত করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ১২ আগস্ট বিকেল আনুমানিক ৫টার দিকে ভাড়াটিয়াদের একটি কক্ষ তালাবদ্ধ দেখতে পান বিপুল। পরে কক্ষের ভেতর থেকে কথাবার্তার শব্দ শুনে তিনি সেখানে অপেক্ষা করেন। একপর্যায়ে একজন অভিযুক্ত এসে তাকে সেখান থেকে চলে যেতে বলেন বলে অভিযোগ করা হয়েছে। পরে কক্ষ খুললে সেখানে একজন অজ্ঞাতনামা নারীকে দেখতে পান তিনি।

এরপর অভিযুক্তরা বাসা থেকে বের হওয়ার সময় বাড়ির মালিক ও তার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করার হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে।

পরে একই দিন সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে অভিযুক্তরা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে চাপাতি, সুইচ গিয়ার, লাঠি, হকিস্টিক ও লোহার রডসহ বাড়ির সামনে আসে বলে অভিযোগ করেন বিপুল। এ সময় তার ছেলে ও ছেলের এক বন্ধুকে মারধরের চেষ্টা করা হয়। বাধা দিতে এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

এদিকে, পুরো হামলার ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। ফুটেজে কয়েকজন ব্যক্তিকে বাড়ির সামনে অবস্থান করতে এবং হামলার ঘটনায় জড়াতে দেখা যাচ্ছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সিসিটিভি ফুটেজটি সামনে আসার পর পুলিশ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সাব-ইন্সপেক্টর। তিনি বলেন, ফুটেজ সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী মো. বিপ্লবের অভিযোগ, অভিযুক্তরা এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী প্রকৃতির লোকজনের সঙ্গে চলাফেরা করে। হামলার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় আবারও তাদের ওপর হামলা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এদিকে সিসি টিভির ফুটেজ ভাইরাল হওয়ার পর ঘটনাটির নির্মম সত্যতা প্রকাশ হয়ে পরে এবং প্রমান হয়ে যায়। ফলে পুলিশও নড়েচড়ে বসে। সোস্যাল মিডিয়ার সর্বত্র আসামীদের গ্রেফতারের জোরালো দাবি উঠে।