নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নবনিযুক্ত প্রশাসক, আলোচিত ৭ খুন মামলার আইনজীবী ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রবীর কুমার সাহার নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্যরা নতুন প্রশাসককে এই শুভেচ্ছা জানান। এ সময় তারা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তার আগামী দিনের পথচলার সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “নারায়ণগঞ্জের মাটি ও মানুষের পরীক্ষিত এবং ত্যাগী একজন নেতাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমরা দৃঢ়ভাবে আশাবাদী, এতোদিনে নারায়ণগঞ্জবাসী প্রকৃত উন্নয়নের মুখ দেখবে।”
নগরের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে যানজট, জলাবদ্ধতাসহ নানা ধরনের নাগরিক সমস্যা পুঞ্জীভূত হয়ে আছে। আমরা বিশ্বাস করি, নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান তার সততা, দক্ষতা ও প্রজ্ঞা দিয়ে অচিরেই এসব সমস্যার কার্যকর সমাধান করবেন এবং একটি আধুনিক ও বাসযোগ্য নগরী উপহার দেবেন।”
উল্লেখ্য, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে সাহসী ভূমিকা পালন করে ব্যাপক প্রশংসিত হন। সম্প্রতি তাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় নারায়ণগঞ্জের রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও সুশীল সমাজে ব্যাপক ইতিবাচক সাড়া পড়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিনিয়ত তাকে অভিনন্দন জানাতে আসছেন।




