দেওভোগে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

55

নারায়ণগঞ্জের দেওভোগস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ অত্যন্ত উৎসবমুখর ও ভক্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব পালন করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশ্রম পরিচালনা পরিষদের পক্ষ থেকে দেশ-বিদেশের সকল ভক্তবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। দিবসের শুরুতে ভোরে বিশেষ প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার প্রতিকৃতিতে মাল্যদান এবং ধর্মীয় সংগীতের আয়োজন করা হয়। দিনভর চলে ভক্তদের আনাগোনা আর ভজন-কীর্তন। উৎসব উপলক্ষে আশ্রমে আগত বিপুল সংখ্যক ভক্তবৃন্দের মাঝে সুশৃঙ্খলভাবে প্রসাদ বিতরণ করা হয়।

আশ্রম পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার সরকার এবং সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পাল গণমাধ্যমকে বলেন, “বাবার অশেষ কৃপায় আজ আমরা আমাদের আশ্রমের ৩২তম বছর পূর্ণ করলাম। সকল ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, সক্রিয় সহযোগিতা এবং ভক্তিপূর্ণ অংশগ্রহণে এই উৎসব সার্থক ও প্রাণবন্ত হয়ে উঠেছে। আমরা সকলের মঙ্গল ও বিশ্বশান্তি কামনা করি।”

বাবার সেই অবিনাশী অভয় বাণী ‘ রণে বনে যখনই বিপদে পড়বে, আমাকে স্মরণ করো আমি রক্ষা করব” এই মূলমন্ত্রকে হৃদয়ে ধারণ করেই ভক্তরা আজকের এই উৎসবে শামিল হন।