স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ছিনতাইয়ের একটি গুরুতর অভিযোগ দিতে গিয়ে অভিযোগ গ্রহণ না করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শনিবার (১০ মে) সকালে লিখিত অভিযোগ নিয়ে থানায় যান ভুক্তভোগী আসমা বেগম (৪৮)। তবে অভিযোগটি গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
লিখিত অভিযোগে আসমা বেগম উল্লেখ করেন, শনিবার ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে তিনি তার ছোট মেয়েকে মাদ্রাসায় পৌঁছে দিতে বাসা থেকে বের হন। এসময় তিনি আলমাপাড়া এলাকার জজ সাহেবের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথে হঠাৎ একটি মোটরসাইকেলে করে তিনজন অজ্ঞাত যুবক এসে তাদের গতিরোধ করে।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ধারালো চাপাতি ও চাকু প্রদর্শন করে ভয়ভীতি দেখায় এবং প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে তারা জোরপূর্বক আসমা বেগমের কাছে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
ছিনতাই হওয়া মালামালের মধ্যে রয়েছে, একটি স্বর্ণের নাকফুল ও কানের দুল, একটি স্মার্ট ফোন যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা এবং নগদ ১০ হাজার টাকা।
ভুক্তভোগীর দাবি, ঘটনার সময় তিনি ও তার মেয়ে আতঙ্কিত হয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসার চেষ্টা করে। পরে ছিনতাইকারীরা দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।
এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, ছিনতাইকারীদের শনাক্ত এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন আসমা বেগম।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, শহরে ছিনতাই ও ছিনতাইচেষ্টার ঘটনা বাড়লেও অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা কাঙ্খিত পুলিশি সহায়তা পাচ্ছেন না।
ভুক্তভোগী আসমা বেগম অভিযোগে তার ঠিকানা উল্লেখ করেছেন আমলাপাড়া কেবি সাহা রোড এবং তার মোবাইল নাম্বার ০১৯১৯৭৯৮৬০৬।




