নারায়ণগঞ্জে সহস্রাধিক সুবিধাবঞ্চিত মানুষের সাথে রাকিবুল ইসলাম রাকিবের ইফতার

79

পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জে সহস্রাধিক সুবিধাবঞ্চিত, দুস্থ, অসহায় শিশু ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ এবং তাদের সঙ্গে ইফতার করেছেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিব।
রবিবার (৮ মার্চ) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ মহতী কর্মসূচিতে জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল ও নূর-এ-এলাহী সোহাগ।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদার, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি এ কে হীরা, সাবেক সাধারণ সম্পাদক রনি, সদর থানা ছাত্রদলের সাবেক নেতা রবিন সরকার পায়েল, সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক খান সুজন, সদর থানা ছাত্রদল নেতা মোয়াজ্জেম হোসেন সাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় রাকিবুল ইসলাম রাকিব বলেন, “রাজনীতির ঊর্ধ্বে উঠে দল-মত নির্বিশেষে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা মহানগরের সবকটি থানা ও ২৭টি ওয়ার্ডে আমাদের সেবামূলক কার্যক্রম সম্প্রসারণ করবো।”
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে প্রায় সহস্রাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং তাদের সঙ্গে ইফতারে অংশ নেন আয়োজক ও অতিথিরা।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, নারায়ণগঞ্জ মহানগরজুড়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অব্যাহত রাখা হবে।