বিভিন্ন মিডিয়ায় রিপোর্ট প্রকাশ হচ্ছে...

জাকির খানের নাম ভাঙিয়ে বিভিন্ন এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজির অভিযোগ

581

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জে বিএনপি নেতা জাকির খানের নাম ভাঙিয়ে বিভিন্ন এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। সম্প্রতি দৈনিক সোজাসাপটা এবং অনলাইন পোর্টাল বাংলার শিরোনামসহ বিভিন্ন গণমাধ্যমে এ ধরনের অভিযোগ তুলে ধরা হয়েছে।

অভিযোগ রয়েছে, নগরীর বিসিকসহ বিভিন্ন এলাকায় রাসেল নামে এক ব্যক্তি নিজেকে জাকির খানের সহযোগী পরিচয় দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এর আগে ওই ব্যক্তি মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ডিব্বা হালিমের লোক হিসেবে পরিচয় দিতেন। বর্তমানে তিনি জাকির খানের নাম ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে।

অন্যদিকে, অনলাইন পোর্টাল বাংলার শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে সোয়াদ হোসেন বান্টির বিরুদ্ধেও নগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অপরাধী চক্র নিয়ন্ত্রণের অভিযোগ করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, ২ নম্বর রেলগেট, দেওভোগ, দিগুবাবুর বাজারসহ আশপাশের এলাকায় বান্টির প্রভাব রয়েছে। তার বিরুদ্ধে অতীতে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার এবং পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়ানোর ঘটনাসহ একাধিক মামলার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, জাকির খান আগেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে জানিয়েছেন, কেউ তার নাম বা পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তার দায় তিনি নেবেন না এবং এমন ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। ফলে তার নাম ব্যবহার করে কেউ অপরাধে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনার দাবি উঠেছে।

স্থানীয় সচেতন মহলের মতে, কোনো রাজনৈতিক নেতা বা প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে অপরাধ করার সুযোগ বন্ধ করতে হলে অভিযোগের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত আইনগত ব্যবস্থা জরুরি। একই সঙ্গে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করছে কি না, সেটিও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আনা প্রয়োজন।

আইনশৃঙ্খলা বাহিনীর এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, তালিকাভুক্ত সন্ত্রাসীদের ওপর গোয়েন্দা নজরদারি রয়েছে এবং পর্যায়ক্রমে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।