নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর অবকাঠামো উন্নয়ন ও জনভোগান্তি কমাতে ব্যাপক তৎপরতা শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে তিনি নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের ভুঁইয়ারবাগ এলাকায় চলমান একটি সড়ক নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রশাসক নির্মাণাধীন সড়কের ঢালাই কাজের গুণগত মান এবং কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এসময় কাজের দীর্ঘসূত্রতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি সংশ্লিষ্ট ঠিকাদারকে স্পষ্ট জানিয়ে দেন যে, নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করতে হবে। কাজে কোনো ধরনের অবহেলা বা নিম্নমানের উপকরণ ব্যবহার সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
নগরীর জরাজীর্ণ রাস্তাঘাট নিয়ে নাগরিকদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “বর্তমানে শহরের অধিকাংশ সড়কের অবস্থা বেহাল, যা চলাচলের প্রায় অনুপযোগী। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে এসব সড়ক সংস্কার করে নগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন করা।”
শুধু সড়ক উন্নয়নই নয়, নারায়ণগঞ্জ শহরের অন্যতম প্রধান সমস্যা ‘যানজট’ নিরসনেও বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। প্রশাসক জানান, খুব শীঘ্রই সংশ্লিষ্ট সকল দপ্তরকে সাথে নিয়ে একটি সমন্বিত ও কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হবে যাতে নগরবাসী যানজটমুক্ত শহর পায়।
পরিদর্শনকালে উপস্থিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী এ এস এম মশিউর রহমান এবং উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান কাজের বিভিন্ন কারিগরি দিক প্রশাসকের সামনে তুলে ধরেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় নেতাকর্মীরা।




