নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ আবুল কালাম জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ সোহাগ।
গত ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। এতে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুস সালাম পিন্টুকে সভাপতি করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই কমিটিতে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।
খাদ্য ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা, খাদ্যশস্যের মজুত ও সরবরাহসহ খাদ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা ও তদারকিতে সংসদীয় স্থায়ী কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে খাদ্যশিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র নারায়ণগঞ্জের একজন জনপ্রতিনিধি এ কমিটিতে দায়িত্ব পাওয়ায় বিষয়টিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী মহল।
অ্যাডভোকেট আবুল কালামকে অভিনন্দন জানিয়ে আলহাজ মোহাম্মদ সোহাগ তার নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন। একই সঙ্গে দেশের খাদ্য খাতের পাশাপাশি নারায়ণগঞ্জের আটা-ময়দা ও খাদ্যশিল্পের সমস্যা, সম্ভাবনা ও ব্যবসায়ীদের বিভিন্ন দাবি জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। বর্তমানে তিনি বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জের আটা-ময়দা ও ফ্লাওয়ার মিল ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন মোহাম্মদ সোহাগ।
সংশ্লিষ্টরা মনে করছেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে অ্যাডভোকেট আবুল কালামের অন্তর্ভুক্তি নারায়ণগঞ্জের খাদ্যশিল্প ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও দাবি জাতীয় সংসদে তুলে ধরার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে।




