ঈদের পর শহরের ভেতরে কোনো হকার বসাতে দেয়া হবে না : টিপু

97

নিজস্ব প্রতিবেদক :
ঈদের পর থেকে নারায়ণগঞ্জ শহরের ভেতরে আর কোনো হকার বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন, শহরের যানজট ও জনদুর্ভোগ কমাতে হকারদের একটি নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের উদ্যোগ নেয়া প্রয়োজন। এ ক্ষেত্রে চাঁনমারী এলাকাকে সম্ভাব্য স্থান হিসেবে আমি প্রস্তাব করছি।
গতকাল নগরীর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রসঙ্গ নিয়ে তার সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে হকাররা ব্যবসা পরিচালনা করে আসছেন। ফলে সাধারণ মানুষকে চলাচলে ভোগান্তির শিকার হতে হচ্ছে এবং শহরের যানজটও দিন দিন বাড়ছে। ঈদের পর থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত হকারমুক্ত করার উদ্যোগ নেয়া হবে। তবে হকারদের জীবিকার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। তাদেরকে একেবারে উচ্ছেদ না করে একটি নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের পরিকল্পনা করা হয়েছে। এজন্য চাঁনমারী এলাকাকে উপযুক্ত স্থান হিসেবে আমি প্রস্তাব করছি। নারায়ণগঞ্জ শহরের ভেতরে আর কোনো মতেই হকার বসতে দেয়া ঠিক হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতিতে সবার আগে দেশ ও দেশের মানুষ। তাই মুষ্টিমেয় কিছু মানুষের স্বার্থ দেখতে গিয়ে নারায়ণগঞ্জের জনগনের অধীকার হরন করা যাবে না।
এ সময় তিনি আরও বলেন, হকারদের পুনর্বাসনের জন্য সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এতে একদিকে যেমন শহরের শৃঙ্খলা ফিরবে, অন্যদিকে হকাররাও তাদের ব্যবসা চালিয়ে যেতে পারবেন।
মহানগর বিএনপির এই নেতা আরো বলেন, নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক শহর। কিন্তু ফুটপাত দখল ও অব্যবস্থাপনার কারণে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। তাই নগরবাসীর স্বার্থে একটি পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

তার এই বক্তব্য নিয়ে ইতোমধ্যে নগরীর বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সঠিক পরিকল্পনা ও পুনর্বাসনের ব্যবস্থা থাকলে শহরের ফুটপাত দখলমুক্ত করা সম্ভব হবে।
এদিকে নগর পরিকল্পনাবিদদের মতে, হকার সমস্যার স্থায়ী সমাধান করতে হলে পরিকল্পিতভাবে নির্দিষ্ট হকার জোন তৈরি করা প্রয়োজন। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও সিটি করপোরেশনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এদিকে ঈদের পর শহর হকারমুক্ত করার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের ভূমিকা কী হবে সেটিই এখন দেখার বিষয় বলে মনে করছেন সচেতন নাগরিকরা। আবু আল ইউসুফ খান টিপুর এই বক্তব্যকে সকলেই সাধুবাদ জানাবেন বলে পরিস্কার ধারনা রয়েছে। কারন বিগত ফ্যাসিষ্ট সরকারের টানা পনেরো বছর ফুটপাত দখলমুক্ত করা না বহু নাটক হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ##