নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নগর প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও ১৬ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মোঃ ফয়সাল আহম্মেদ বলেন, “অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জের একজন পরীক্ষিত নেতা। দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার অপরিসীম ত্যাগ, শ্রম ও নিষ্ঠা। এছাড়া একজন বিশিষ্ট ও সৎ আইনজীবী হিসেবেও নারায়ণগঞ্জে তার ব্যাপক সুখ্যাতি ও গ্রহণযোগ্যতা রয়েছে। আজ তাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ায় নারায়ণগঞ্জের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।”
শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন যে, বিগত দিনে সিটি কর্পোরেশনে যে চরম অব্যবস্থাপনা, স্বজনপ্রীতি ও অনিয়ম হয়েছে, নগরবাসী তা থেকে মুক্তি চায়। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের বলিষ্ঠ ও সৎ নেতৃত্বে নাসিক একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও আধুনিক সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, মেধা ও প্রজ্ঞা দিয়ে নগরবাসীর মৌলিক অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে তিনি সক্ষম হবেন।
শীতলক্ষ্যা পাড়ের এই ঐতিহ্যবাহী শহরকে একটি যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নতুন প্রশাসক যুগান্তকারী ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই বিএনপি নেতা।
পরিশেষে, মোঃ ফয়সাল আহম্মেদ বর্তমান সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সময়োপযোগী সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। একইসাথে নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন ও কল্যাণে নতুন নগর প্রশাসকের নেওয়া সকল ইতিবাচক পদক্ষেপে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।




